প্রতারণার মামলায় আইনি জটিলতায় সেলেনা গোমেজ

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে যৌথভাবে ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ প্রতিষ্ঠা করেছিলেন জনপ্রিয় হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটিকে ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। প্রতিষ্ঠানটির পাঁচ বিনিয়োগকারী সেলেনার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে দেউলিয়ার পথে রয়েছে। মামলায় তারা প্রায় ১২ লাখ ডলারের বিনিয়োগ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন।

অভিযোগকারীদের ভাষ্যমতে, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রতিষ্ঠানটির প্রচারণায় সক্রিয় থাকবেন—এমন প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই তারা বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেলেনা প্রতিষ্ঠানটির প্রসারে কোনো কার্যকর ভূমিকা রাখেননি বলে দাবি করা হয়েছে।

বিনিয়োগকারীদের আরও অভিযোগ, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি এবং নতুন অ্যাপ চালুর মতো যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। এমনকি বিগত প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটির সংকটময় পরিস্থিতি বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ‘দ্য কাট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই প্রতিবেদনে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়টিও উঠে এসেছিল।

উল্লেখ্য যে, পপতারকা ও অভিনেত্রী হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’-এর প্রতিষ্ঠাতা সেলেনা গোমেজ ২০২৪ সালে বিলিয়নেয়ার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। এমতাবস্থায় তার সহপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের এই প্রতারণার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই মামলার বিষয়ে এখন পর্যন্ত সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের দাবি আদালতে কতটা গ্রহণযোগ্য হয় এবং এর ফলাফল কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।