আগামী ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে দেশজুড়ে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই সময়ে চোরাগোপ্তা হামলা, বোমাবাজি, গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনেও হামলার মতো ঘটনা ঘটতে পারে। পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে সারা দেশে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সারা দেশে সাঁড়াশি অভিযান শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতার আলামত লক্ষ্য করা গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ঢাকা ও সাভারের আশুলিয়া থেকে দু’টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪শে জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি আইইডি প্রকৃতির বোমা পাওয়া যায়, যা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ নামের একজন আহত হন। এছাড়া ৩১শে জুলাই আশুলিয়ার একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসার কুকার আকৃতির বোমা উদ্ধার করে সিটিটিসি ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল। গত ১লা আগস্ট মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনেও সন্দেহজনক ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যদিও পরে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। গতকাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে হনুফা বেগম, তার কন্যা ইতি ও নাতি ফাহিম গুরুতর আহত হয়েছেন।
গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অবরোধের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছে। তারা সাধারণ শ্রমিকদের ভুল বুঝিয়ে বা জোরপূর্বক শোডাউনে যুক্ত করার চেষ্টা করতে পারে। এছাড়া গাজীপুর ও টঙ্গীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে গোপন আস্তানা হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে। অলিগলিতে ১০-১৫ জনের ঝটিকা মিছিল বের করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোথাও সামাজিক বা রাজনৈতিক ব্যানারে আকস্মিক শোডাউন দেয়ার চেষ্টা করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য ৫ই আগস্ট ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির এমন সক্ষমতা নেই। তিনি আরও বলেন, পুলিশকে সতর্ক থাকার নির্দেশনাটি নিয়মিত অনুশীলনের অংশ, যাতে কোনো পরিত্যক্ত যানবাহন বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটে। ডিএমপি’র গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও জানিয়েছেন, পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হলেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই, এটি মূলত মাঠপর্যায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার একটি রিমাইন্ডার মাত্র।

