বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে ধাবিত হলেও নিজেদের সেই ব্যর্থতা তারা স্বীকার করতে চাইছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি সরকার ইতিমধ্যে ছয় মাস পার করেছে। শুরুতে তারা জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এসব খাতে তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে এবং বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্তরাও ঋণগ্রস্ত হয়ে দিনাতিপাত করছেন। কিন্তু সরকার এই পরিস্থিতি বা নিজেদের ব্যর্থতা বিশ্বাস করতে কিংবা স্বীকার করতে নারাজ।
সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সংসদকে সরকারদলীয় সংসদে রূপান্তর করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য কখনোই ভালো ফল বয়ে আনবে না। সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে এবং তাদের মতামতকে গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে। তিনি স্পষ্ট করেন, সরকার যদি দেশের মানুষের কল্যাণে কাজ করে তবে এনসিপি তাদের সহযোগিতা করবে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে।
১১ দলীয় জোটের চলমান লংমার্চ কর্মসূচি নিয়ে সারজিস আলম জানান, জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে এই লংমার্চ করা হচ্ছে। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সরকারের ব্যর্থতাগুলো মানুষের সামনে প্রকাশ করাই তাদের লক্ষ্য।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ চলছে। দেশের প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে এবং আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নেই দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে লক্ষ্মীপুর পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির ব্যানারে এই সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

