সায়মা ওয়াজেদের বিরুদ্ধে সিভিতে জালিয়াতির চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার লক্ষ্যে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।

তদন্ত অনুযায়ী, সায়মা ওয়াজেদ তার সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার যে তথ্য দিয়েছিলেন, তা মিথ্যা ও বানোয়াট ছিল। তিনি সেখানে শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি কিংবা পর্যালোচনার মতো কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এই ভুয়া অভিজ্ঞতার তথ্যের ভিত্তিতেই তিনি ২০২৩ সালে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদের জন্য আবেদন করেন এবং নিয়োগ পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকের ভাষ্যমতে, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই জালিয়াতির আশ্রয় নেন। সংস্থাটির মতে, সিভিতে মিথ্যা তথ্য প্রদান ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেছেন।

এর আগে ২০২৫ সালের ২০ মার্চ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা ছিল ডব্লিউএইচওতে চাকরি পাওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে এবং অন্যটি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে। দুদকের দাবি, সিভিতে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়ার এই কর্মকাণ্ড দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তবে এই অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।