ভাইভা নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরির পরীক্ষায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত করে তোলেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনের পর এখন ভাইভার নামে নতুন করে কোটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রসমাজ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, ছাত্রবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়ে অতীতে শেখ হাসিনা টিকতে পারেননি, ছাত্রসমাজ তার সাম্রাজ্য চুরমার করে দিয়েছিল। শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিবুর রহমান বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার সব জায়গায় দলীয়করণের বিষয়টি স্পষ্ট করেছে। মেধাবীদের সঠিক মূল্যায়ন না করে যদি দলীয়করণের চেষ্টা অব্যাহত থাকে, তবে শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিরোধ করবে।

উল্লেখ্য, গত রোববার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন দপ্তরগুলোতে ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান অর্থাৎ ৫০-৫০ করার নতুন বিধিমালার অনুমোদন দেওয়া হয়। প্রক্সি পরীক্ষা ও জালিয়াতি রোধের যুক্তি দেখিয়ে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।