কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় তিনটি লরিতে করে আসা এই জ্বালানির বহরটি নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
প্রকল্প এলাকায় পৌঁছানোর পর প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছানসহ অন্যান্য কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। এ সময় বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকসহ স্থানীয় শ্রমিক ও কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান। জ্বালানি পরিবহনের এই প্রক্রিয়ায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার খাতিরে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে সব ধরনের ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের এই চালানটি গ্রহণ করেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

