টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১লা সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্যায়নের ভিত্তিতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো গ্রাহক যদি নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারেন, তবে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২৮শে ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে এই ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট ১০.৫০ টাকা হারে মূল্য পাবেন। প্রণোদনার এই অর্থ গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে এবং কোনোভাবেই তা নগদ দেওয়া হবে না। তবে ২৮শে ফেব্রুয়ারি ২০২৭ তারিখের পরে স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এই প্রণোদনা কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার এবং মিটারসহ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (SREDA) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে। গ্রাহকরা নীতিগত সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার অথবা বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

