যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গিয়ে বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবাসনের তীব্র আকুতি প্রত্যক্ষ করেছেন। শুক্রবার উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় তার গাড়িবহর যখন চলছিল, তখন রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রোহিঙ্গারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল, ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’ (আপনাদের বাড়ি আছে! আমরা আমাদের বাড়ি মিস করছি)।
শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের দাবি জানান। একই সঙ্গে তারা মিয়ানমারে নিজেদের নাগরিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আগে থেকেই তাদের দাবিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরার প্রস্তুতি নিয়েছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
সফরকালে সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি ক্যাম্পের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এছাড়া রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মার্কিন এই বিশেষ দূত।

