তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার সহজ কিছু আমল

নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ হিসেবে গণ্য হয়। এই নামাজ রাতের শেষ প্রহরে বা চতুর্থ প্রহরে আদায় করতে হয়। রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে এসে বান্দার ডাক, চাওয়া ও ক্ষমা প্রার্থনার অপেক্ষায় থাকেন এবং তাদের ডাকে সাড়া দেন (বোখারি: ১১৪৫)। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত এই নামাজ আদায় করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ কখনো ছেড়ে না দেওয়ার জন্য তিনি আবদুল্লাহকে নসিহত করেছিলেন, কারণ রাসুলুল্লাহ (সা.) অসুস্থ বা দুর্বল অবস্থায়ও বসে হলেও এই নামাজ আদায় করতেন (আবু দাউদ: ১৩০৯)।

অনেকে তাহাজ্জুদ আদায়ের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমের কারণে উঠতে পারেন না। এমন ব্যক্তিদের জন্য সাতটি বিশেষ আমল রয়েছে, যা পালন করলে তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করা সম্ভব।

প্রথমত, এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, সে যেন পুরো রাত নফল নামাজ আদায় করল (আবু দাউদ: ৫৫৫)। দ্বিতীয়ত, রাতে অন্তত ১০০ আয়াত কোরআন তেলাওয়াত করা, যা সারা রাত ইবাদতের সওয়াব এনে দেয় (মুসনাদে আহমাদ: ১৬৯৫৮)। তৃতীয়ত, ঘুমানোর আগে তাহাজ্জুদ আদায়ের নিয়ত করা। নিয়ত করে ঘুমানোর পর প্রবল ঘুমের কারণে জাগতে না পারলে আল্লাহ তার নিয়ত অনুযায়ী সওয়াব লিখে দেন এবং তার ঘুমকে সদকাস্বরূপ গণ্য করেন (নাসায়ি: ১৭৮৭)।

চতুর্থত, ইমামের সঙ্গে পরিপূর্ণ তারাবির নামাজ আদায় করা। আবু জর গিফারি (রা.)-এর প্রশ্নের উত্তরে রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ পড়লে পুরো রাত নামাজ আদায়কারীর সওয়াব পাওয়া যায় (আবু দাউদ: ১৩৭৫)। অধিকাংশ ইসলামি স্কলারের মতে, এখানে নামাজ বলতে তারাবির নামাজকে বোঝানো হয়েছে। পঞ্চমত, বিধবা ও মিসকিনদের সহযোগিতায় এগিয়ে আসা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনের অভাব দূরীকরণে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদ অথবা তাহাজ্জুদ আদায়কারী ও দিনে রোজা পালনকারীর সমতুল্য সওয়াব পাবেন (বোখারি: ৫৩৫৩)।

ষষ্ঠত, জুমার দিন যথাযথ আদব ও সুন্নত মেনে নামাজ আদায় করা। সুন্দরভাবে গোসল করে, হেঁটে মসজিদে গিয়ে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে প্রতি কদমে এক বছর রোজা ও তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব অর্জিত হয় (আবু দাউদ: ৩৪৫)। সপ্তম, আল্লাহর রাস্তায় দ্বীনের পাহারাদারি করা। এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও তাহাজ্জুদ পড়ার চেয়েও শ্রেষ্ঠ (মুসলিম: ১৯১৩)।

উল্লিখিত হাদিসে 'নামাজ' বলতে রমজানে তারাবির নামাজকে বোঝানো হয়েছে বলে অধিকাংশ ইসলামি স্কলারের অভিমত রয়েছে| (মিরকাতুল মাফাহিত, খণ্ড : ৪, পৃষ্ঠা : ৩১৮)|