বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ যুগান্তরকে জানিয়েছেন, বিগত সরকারের সময়ে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা জনপ্রিয় করা সম্ভব হয়নি। বর্তমান সরকার ভারত, চীন, ভিয়েতনাম ও পাকিস্তানের মতো দেশগুলোর সফলতার গল্পগুলো যাচাই করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি সোলার প্যানেল জনপ্রিয় করতে সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণার উদ্যোগ নিয়েছে। গ্রাহকরা এখন কোনো বিনিয়োগ ছাড়াই বাড়ির ছাদ বা খালি জায়গা বেসরকারি কোম্পানিকে দিয়ে কম দামে বিদ্যুৎ পাওয়ার সুযোগ পাবেন।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোজাফফর আহমেদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, নেট মিটারিং সিস্টেমে সৌরবিদ্যুৎ উৎপাদনে মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমানে ৫ হাজার ৯২৭টি আবেদন জমা পড়েছে, যা থেকে পিক আওয়ারে ৩০ লাখ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। স্রেডার তথ্যমতে, এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৫টি আবেদন অনুমোদন পেয়েছে, ৯৬১টি বাতিল হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। অনুমোদিত আবেদনের মধ্যে আরইবিতে ৩ হাজার ৪২০টি, পিডিবিতে ১ হাজার ৭০১টি, ডিপিডিসিতে ৮৪, ডেসকোতে ২৯২, ওজোপাডিকোতে ২০৪ এবং নেসকোতে ২২৬টি আবেদন রয়েছে।
সরকারের কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। বর্তমানে পিক আওয়ারে চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের বেশি, যা ২০৩০ সালে ২৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এই লক্ষ্যমাত্রা অর্জনে আগামী চার বছরে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ সৌরবিদ্যুতের প্রকল্পে প্ল্যান্ট ফ্যাক্টর মাত্র ২০-২২ শতাংশ। এর মধ্যে ছাদভিত্তিক ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু-বর্জ্য-পানিবিদ্যুৎ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের টার্গেট রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ৪২০ মেগাওয়াট, ২০২৭ সালে ১ হাজার ৪০০ মেগাওয়াট, ২০২৮ সালে ২ হাজার ৩০০ মেগাওয়াট, ২০২৯ সালে ২ হাজার ৭০০ মেগাওয়াট এবং ২০৩০ সালে ৩ হাজার ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে বায়ু থেকে ১৫০ মেগাওয়াট, বর্জ্য থেকে ২০০ এবং অন্যান্য উৎস থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
আবাসিক গ্রাহকদের উৎসাহিত করতে পিডিবি দেশের ৫০৯টি উপজেলায় বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সোলার প্যানেল বসানোর বিজ্ঞাপন দিয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংক দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আমদানিকৃত প্যানেলের ওপর শুল্ক ৫০-৬০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যাতে প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ সরবরাহ করা যায়। গত মাসে ঘোষিত নতুন প্যাকেজ অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছাদভিত্তিক সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে এবং এই সুবিধা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। পাওয়ার সেলের সাবেক পরিচালক মাহমুদা বেগম এই প্যাকেজকে চমকপ্রদ বললেও ২০৩০ সালের পরের বিনিয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২০৩০ সালের পরও সরকার ওই বিদ্যুৎ কিনবে এবং দাম হবে বর্তমান নেট মিটারিংয়ের দাম অনুযায়ী।
বায়ু বিদ্যুতের সম্ভাবনা নিয়ে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ বিভাগের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবেল এনার্জি ল্যাবরেটরি-এআরইএলের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউএসএআইডির জরিপ অনুযায়ী বাংলাদেশের উপকূলে ৩০ হাজার মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। তবে পিডিবির কর্মকর্তারা জানান, বাংলাদেশে বায়ু বিদ্যুতের সম্ভাবনা ক্ষীণ এবং বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম জোনে মাত্র ৬২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, ঝুঁকি কমানো এবং গ্রিড শক্তিশালী করলে জনগণ সোলার প্যানেল বসাতে আরও উৎসাহিত হবেন। বর্তমানে বাংলাদেশের জ্বালানির ৬৫ শতাংশ আমদানিনির্ভর হওয়ায় সবুজ শক্তির বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

