চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যাদের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। তালিকার পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

