আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি।
এই সমঝোতার আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য সেবায় বিশেষ করপোরেট সুবিধা ও মূল্যছাড় পাবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মূল্যছাড়ের হার হবে সর্বোচ্চ ৫২ শতাংশ।
অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন কেবল ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনমান ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই সদস্য ও তাদের পরিবারের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রিহ্যাবের দায়িত্বের অংশ। তিনি আরও বলেন, একটি সুস্থ কর্মশক্তি টেকসই আবাসন শিল্প গড়ার অন্যতম পূর্বশর্ত।
এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক এ এম আবুল কাশেম রনি বলেন, তাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করা। রিহ্যাবের মতো বড় বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তারা আবাসন খাতের সংশ্লিষ্টদের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারবেন।
অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতাকে সদস্যকল্যাণ ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাইলফলক হিসেবে দেখছে উভয় প্রতিষ্ঠান।
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০: ৩৩আপডেট : ২১ জুলাই ২০২৬, ২০: ৩৫

