ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করে গেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফর অনুষ্ঠিত হয়।
সফরকালে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন পরাগ জৈন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফর পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফর শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। একই দিনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগের দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেছিলেন। উল্লেখ্য, 'র' প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা সফরের আগে চীনেও সফর করেছে।

