আইসিসির নতুন নিয়মে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় ১৮ মাসের মতো সময় বাকি রয়েছে। তবে এই দীর্ঘ সময়ের মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টুর্নামেন্টের কাঠামোতে আকস্মিক কিছু পরিবর্তন এনেছে। সংস্থার এমন হঠাৎ সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বিশ্বকাপে ‘সুপার সিরিজ’ নামে একটি নতুন পর্ব যুক্ত করা হয়েছে। এই ফরম্যাটে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এরপর সেখান থেকে শীর্ষ দলটি পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে ১২টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হবে।

এই পরিবর্তনের প্রতিবাদে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড একটি যৌথ বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। যখন বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটাতে এবং নতুন দর্শক টানতে কাজ চলছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া একটি ভুল বার্তা প্রদান করে।

যৌথ বিবৃতিতে তারা গভীর উদ্বেগের কথা জানিয়ে আরও বলেছে, আইসিসি ও অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের উন্নয়নে তারা গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান এই পরিবর্তনগুলো আনার আগে পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল। টুর্নামেন্ট শুরুর ১৮ মাসেরও কম সময় আগে এবং বাছাইপর্বের মাঝামাঝি সময়ে এমন কাঠামো পরিবর্তন চরম অনিশ্চয়তা তৈরি করেছে। এটি সীমিত সম্পদের ওপর চলা ক্রিকেট সংস্থাগুলোর জন্য অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।