রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গতকাল রংপুর মেডিকেল কলেজে অভিযুক্তদের ইউরিন পরীক্ষায় চিকিৎসকরা এই ফলাফল পান। এই সংবাদ ছড়িয়ে পড়লে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয় এবং মিডিয়া ও প্রশাসনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। সংবাদকর্মীরা ডিবি কার্যালয়ের সামনে সত্যতা ও তথ্য সংগ্রহের জন্য ছুটে এলে বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার পুলিশের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থের ইউরিন নেয়ার অনুমতি দেন আদালত। ডিবি’র একটি টিম কারাগার থেকে সেটি সংগ্রহ করে। এছাড়া পুলিশের আবেদনে রক্ত, চুল ও অন্যান্য কিছু স্যাম্পল নেয়ার কথা থাকলেও রংপুর মেডিকেল কলেজে সেগুলো পরীক্ষার সুযোগ নেই। ডোপ টেস্টের ফলাফলে তাদের শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।
সনাতন চক্রবর্তী আরও বলেন, আমি বিশেষজ্ঞ নই, তবে মাদক গ্রহণের ২-৩ দিনের মধ্যে ডোপ টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। যেহেতু অভিযুক্তরা জেল হাজতে ৮ দিন ধরে আছে, তাই এটি নেগেটিভ আসাটাই স্বাভাবিক। যদি ফলাফল পজিটিভ আসত তাহলে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হতো বলে তিনি মনে করেন।
এদিকে, চার খুনের মামলায় আসামি মুগ্ধ ও সিদ্ধার্থকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা দুই অভিযুক্তের তিনদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে দুই অভিযুক্তের প্রত্যেককে আগামী তিনদিনের মধ্যে যেকোনো দুইদিন তিন ঘণ্টা করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। সহকারী পুলিশ কমিশনার মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

