রাঙামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাবেক দুই ছাত্রনেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের শিকার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন এবং রাঙামাটি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী।
মঙ্গলবার বেলা ২টা ৩৫ মিনিটের দিকে রাঙামাটি জেলা পরিষদ ভবনের সামনে থেকে ডিএমপির ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদের আটক করেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা ডিএমপি ইউনিট শাখায় আলী আকবর সুমনের বিরুদ্ধে আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানান, কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার দেওয়া আইসিটি আইনের অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ডিবি পুলিশ শাখা তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে গেছে।

