রামুতে চলন্ত এসি বাসে আগুন, যাত্রীদের ফেলে পালালেন চালক-সহকারী

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে চলন্ত অবস্থায় একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে বিপদের মুখে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সাহসী তৎপরতায় বাসে থাকা সব যাত্রী নিরাপদে রক্ষা পেয়েছেন। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘আইকন পরিবহন’ নামক বাসটির ভেতরে প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই পুরো বাসে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু চালক বা সহকারী যাত্রীদের কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই বাস থেকে সটকে পড়েন। এরপর স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে আতঙ্কিত যাত্রীদের একে একে নিরাপদে বের করে আনেন।

প্রাণে বেঁচে যাওয়া যাত্রী আবদুল আলীম জানান, কক্সবাজার থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই তারা বাসের ভেতরে আগুন টের পান। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

রামু তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, ঘটনাস্থলের কাছেই হাইওয়ে পুলিশের একটি দল ডিউটিতে ছিল। খবর পাওয়া মাত্রই তারা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সাথে উদ্ধারকাজে অংশ নেন এবং যাত্রী ও তাদের মালামাল উদ্ধার করেন। পরবর্তীতে একই পরিবহনের অন্য একটি বাসে করে যাত্রীদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

আগুনে আইকন পরিবহনের বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা ইঞ্জিনের অতিরিক্ত গরম (ওভারহিট) হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে।