দুই-তিন দিনের মধ্যে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেওয়া হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবদলকর্মী আবু কাউছার হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন এবং প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এই তথ্য জানান। তিনি বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইনশা আল্লাহ, এই সপ্তাহের মধ্যেই, সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে।

পুলিশ সুপার আরও জানান, এই মামলায় সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৫) নামে তিনজন আদালতে ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও মো. সিয়ামসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।