রাজশাহী পৌঁছে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি সামরিক বিমানে করে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজশাহী নগরীতে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসভার স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন সড়ক মেরামত এবং সড়ক বিভাজকে রং করার কাজ সম্পন্ন করা হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় সমবেত হয়েছেন, যার ফলে পুরো নগরীতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর বিমানে প্রথমে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। সেখান থেকে তিনি রাজশাহী পৌঁছান। দিনের সব কর্মসূচি শেষে বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।