খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাজু বলেন, আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও হাত মিলিয়েছি। এতেই আমার জীবন সার্থক হয়েছে, আমার আর কি লাগে। আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা বলেছি, এটি আমার জন্য বড় পাওয়া।
বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান এবং অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। বাদাম বিক্রেতা রাজুর সঙ্গে হাত মেলানোর সময় রাজু তাকে বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, আমার খুব ভালো লাগছে।
এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। সেখানে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
