শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তিনি বীর শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে, এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। শ্রদ্ধা নিবেদনের আগে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমসহ উপস্থিত সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি বঙ্গভবনে তার কার্যালয়ে দায়িত্ব বুঝে নেবেন।

