প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সফরের অংশ হিসেবে সকাল ৯টার পর ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। এরপর সড়কপথে খুলনায় গিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে বিকেল ৫টার পর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরের শুরুতে সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই অনুষ্ঠানে বন্দর উন্নয়ন ও সম্প্রসারণ সংক্রান্ত অন্য একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।
মোংলার কর্মসূচি শেষে সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার শরিফের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে সেখান থেকে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি। পরবর্তীতে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশের তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেই ক্রীড়া মন্ত্রণালয় এই আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা শহরকে ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে, স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

