প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। সফরসূচি অনুযায়ী, তিনি আগামী ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করা। বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে।
নিউইয়র্কে অবস্থানকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে বৈঠকগুলো অনেক সময় শেষ মুহূর্তে নির্ধারিত হয়। তবে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি জানান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বৈঠকের চূড়ান্ত সময়সূচি জানানো হবে।
সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় এই ইস্যুটি প্রাধান্য পাবে।

