ব্যয়বহুল পণ্য আমদানি ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রীর ক্ষোভ

ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ বিভিন্ন ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ভেতরে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি করার প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সভায় একনেক সদস্যদের সম্মানী নেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’ কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

এ ছাড়া উন্নয়ন প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ ভ্রমণের বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের অহেতুক বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।