প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স চলাকালে রহস্যজনক লোডশেডিংয়ের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের জন্য আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য শুরুর মাত্র এক মিনিটের মাথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কেবল মিলনায়তনে এমন বিভ্রাটের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
অফিস আদেশে মো. আলতাফ হোসেনকে অবিলম্বে তার সংযুক্তিকৃত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তার নিজস্ব দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএম পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম জানান, তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবহিত করেছিলেন। তিনি বলেন, উপজেলা পরিষদের অন্যান্য স্থানে বিদ্যুৎ থাকলেও কেবল কনফারেন্স স্থলে বিদ্যুৎ ছিল না, যা সম্ভবত একটি কমিউনিকেশন গ্যাপের কারণে হয়েছে।
অন্যদিকে, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, ইউএনও অফিসের সিএ অভিযোগ করেছিলেন যে তাদের অফিসের বিদ্যুৎ নেই। তাদের লাইনম্যানরা গিয়ে দেখেন সেখানে বিদ্যুৎ ছিল না। কর্মচারীদের ধারণা ছিল ইউএনও অফিসেই সম্ভবত মিটিং হচ্ছে, তাই তারা লাইন বন্ধ করেছিল। এই কথোপকথনের সময় প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরেই জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

