পিরোজপুরে ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাটের ভয়াবহ চিত্র

পিরোজপুরের সদর উপজেলার কদমতলা গ্রামে কাগজে-কলমে একটি ব্রিজের অস্তিত্ব থাকলেও বাস্তবে সেখানে কেবল একটি বাঁশের সাঁকো রয়েছে। এই ব্রিজটি নির্মাণের জন্য ৭ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ হয়নি। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান 'ইফতি ইটিসিএল' প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছে।

একইভাবে নাজিরপুর উপজেলার প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর-বৈঠাকাটা সড়ক নির্মাণে প্রায় ৪৪ কোটি টাকার কার্যাদেশ পেয়েছিল একই ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির জন্য বরাদ্দ করা অর্থ তুলে নেওয়া হলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পিরোজপুর জেলায় এমন অসংখ্য ভুয়া প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে, যেখানে জেলার প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং তাদের অনুসারীরা জড়িত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে লুটপাটের এই ভয়াবহ চিত্র বেরিয়ে আসছে। ২০২০-২০২১ অর্থবছর পরবর্তী চার অর্থবছরে জেলায় সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়েছিল, যার একটি বড় অংশই এই সংঘবদ্ধ চক্র আত্মসাৎ করেছে। তদন্তে এখন পর্যন্ত সাবেক এমপি মহিউদ্দিন মহারাজসহ তার পরিবারের ৫ সদস্য এবং সরকারি দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার শ শ রাস্তা ও সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এর অর্ধেকের বেশি কার্যাদেশ মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮টি লাইসেন্সে নেওয়া হয়েছিল। এছাড়া এলজিইডি’র পিরোজপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারসহ ঢাকা ও বরিশাল অফিসের বেশ কিছু কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিসের অসাধু চক্রের যোগসাজশে একই স্থানে একাধিকবার কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে।

উল্লেখ্য, মহিউদ্দিন মহারাজ একজন সিনিয়র রাজনীতিকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করে পরবর্তীতে জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য হন। নিজের প্রভাবে তিনি তার ভাইকে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বানিয়ে জেলায় লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। এই পুরো প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া মহারাজের খুঁটি হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।