পল্লবীতে ফার্মেসিতে হামলা ও দোকানিকে কুপিয়ে জখম

রাজধানীর পল্লবীতে একটি ফার্মেসিতে হামলা চালিয়ে দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ২২ তলা গার্মেন্টের পেছনে অবস্থিত ওই ফার্মেসিতে এই হামলার ঘটনা ঘটে। যদিও ঘটনাটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের সন্ত্রাসী ফোর স্টার গ্রুপের সদস্য মশিউর রহমান মশুর লোকজন চাঁদা না দেওয়ার জেরে এই হামলা চালিয়েছে।

হামলা ও কোপানোর প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা তিন যুবক দোকানদারের কলার ধরে মারধর করছে। এসময় একজন রামদা দিয়ে কোপাচ্ছে এবং অন্যজন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দিচ্ছে। ভুক্তভোগী দোকানি আফজাল মোল্লাকে প্রাণভিক্ষা চাইতে শোনা যায়। ঘটনার সময় হামলাকারীরা দোকান থেকে কিছু মালামাল ব্যাগে ভরে নিয়ে যায়। হামলার শিকার আফজাল মোল্লা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার তদন্তে নেমে মহড়ার ছবি বিশ্লেষণ করে জনি, পারভেজ ও হারুন নামে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং রিমান্ডে অস্ত্রের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, হামলাকারীরা রিয়াজ, ইব্রাহীম, হারুন, সুজন, সজিব, জুবায়ের ও রাহুলসহ আরও কয়েকজনের নাম চিহ্নিত করা হয়েছে। তারা মূলত শীর্ষ সন্ত্রাসী মামুন-মশিউরের নাম ব্যবহার করে এলাকায় জমি দখল ও চাঁদাবাজি করে আসছে। পল্লবী থানার ওসি মো. হাসান বাসির জানান, ভুক্তভোগী দোকানদারকে থানায় অভিযোগ করার জন্য বলা হলেও তিনি প্রাণনাশের হুমকির ভয়ে পুলিশের কাছে আসতে রাজি হননি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।