ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
বৈঠক শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে সরকারের চলমান প্রচেষ্টার কথা কমিটির সদস্যদের অবহিত করেন। মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে এ পর্যন্ত কী কী কূটনৈতিক ও আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটিতে জমা দেওয়া হয়। একই সঙ্গে, এই প্রক্রিয়ায় কমিটি কীভাবে মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও দিকনির্দেশনা চাওয়া হয়েছে।
কমিটির বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, প্রতিটি দেশের সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে। বিগত দিনে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্বলতা ও যাচাই-বাছাইয়ের ঘাটতির কারণে সৃষ্ট সমস্যাগুলো মোকাবিলায় প্রবাসী কর্মীদের নথিপত্র সত্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর সুপারিশ করা হয়েছে।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এবং আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করেছে কমিটি। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলামসহ কমিটির সদস্যরা এবং বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

