সৌদি-হুতি দ্বন্দ্বে পাকিস্তান ও তুরস্কের সরাসরি জড়ানোর শঙ্কা

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের চলমান যুদ্ধে পাকিস্তান ও তুরস্কের সরাসরি সম্পৃক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সৌদি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দুই দেশের সামরিক বাহিনীর প্রধানরা জরুরি বৈঠকে যোগ দিতে রিয়াদে যাচ্ছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে যে, দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগ্লু সৌদি আরব সফর করবেন। একই সঙ্গে আল জাজিরার তথ্য অনুযায়ী, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরও শিগগিরই রিয়াদে পৌঁছাবেন। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর শাখা এখন পর্যন্ত এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি ভূখণ্ডে হুতিরা একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত বৃহস্পতিবার হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে মক্কা, জেদ্দা ও ইয়ানবুতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি নতুন করে গুরুত্ব পেয়েছে। এই চুক্তি অনুযায়ী, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের কোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সামরিক প্রধানদের এই জরুরি বৈঠকের বিষয়টি সামনে আসে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো চুক্তির আওতায় রিয়াদকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। তবে পাকিস্তান ও তুরস্কের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া পাওয়া গেছে। যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি বলেছিলেন, চুক্তিতে জোটগত অঙ্গীকার রয়েছে এবং সৌদি আরবের সামরিক প্রয়োজনে তুরস্ক প্রস্তুত।

এদিকে হুতিরা সরাসরি পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করে দিয়েছে। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুই দেশ যুদ্ধে যোগ দিলে তাদের ‘লোহার মুষ্টি’ দিয়ে মোকাবিলা করা হবে।