পদ্মা সেতু এলাকায় গভীর রাতে অবরোধ ও ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় অবস্থিত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার কাছে গভীর রাতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিয়াগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, লগি-বৈঠা হাতে একদল ব্যক্তি টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে সেতুর উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। ভিডিওতে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পাশাপাশি গাড়ি ভাঙচুরের দৃশ্যও ফুটে উঠেছে।

টোলপ্লাজায় কর্মরতরা জানিয়েছেন, প্রায় আধা ঘণ্টা ধরে এই অবরোধ কার্যক্রম চলে, যার ফলে টোল আদায়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

ওসি আব্দুল সালাম জানান, হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তিনি আরও বলেন, বর্তমানে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।