ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

সিলেটের ওসমানীনগরে একটি তেলবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার বেলা ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা-সিলেট মহাসড়কের নাটকিলা এলাকায় তেলবাহী পরিবহনের ট্রাকটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।