অনলাইনে হ্যাকিং ও প্রতারণা এড়াতে মেনে চলুন ৬টি জরুরি নিয়ম

ইন্টারনেট ব্যবহারের প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা, হ্যাকিং এবং ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি। ই-মেইল আদান-প্রদান, অনলাইন কেনাকাটা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তবে খুব উচ্চতর প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন নেই, বরং কিছু সহজ অভ্যাস আয়ত্ত করার মাধ্যমেই অনলাইনে নিজের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইয়াহুর একটি প্রতিবেদনে অনলাইনে নিরাপদ থাকার ছয়টি কার্যকরী অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে।

প্রথমত, আপনার ডিভাইস বা কম্পিউটারে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন আসা মাত্রই তা ইনস্টল করুন। এগুলো কেবল নতুন ফিচারই যোগ করে না, বরং সফটওয়্যারের ত্রুটি ও নিরাপত্তা দুর্বলতাগুলোও সংশোধন করে, যা সাইবার হামলার ঝুঁকি কমায়। দ্বিতীয়ত, প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন। জটিল পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। এছাড়া শুধু পাসওয়ার্ডের ওপর ভরসা না করে দুই স্তরের নিরাপত্তা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখা অত্যন্ত জরুরি, যা পরিচয় যাচাইয়ের বাড়তি একটি স্তর নিশ্চিত করে।

তৃতীয়ত, ই-মেইল, খুদে বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অচেনা ও সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। প্রতারকরা এসব লিংকের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে নিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় কিংবা ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারে। কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের নামে লিংক এলেও সরাসরি সেই লিংকে না গিয়ে ব্রাউজারে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি নিজে লিখে প্রবেশ করা নিরাপদ। চতুর্থত, অনলাইনে বাড়তি গোপনীয়তা বজায় রাখতে ভিপিএন ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে ভিপিএন সব ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা দেয় না, তাই অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও মেনে চলা প্রয়োজন।

পঞ্চমত, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। জন্মদিন, পোষা প্রাণীর নাম বা পরিবারের সদস্যদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করলে প্রতারকরা তা ব্যবহার করে পাসওয়ার্ড অনুমানের চেষ্টা করতে পারে। শেষত, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো পরিচিত বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এবং যেকোনো কিছু প্রকাশের আগে একবার ভেবে দেখুন। মূলত, জটিল প্রযুক্তিগত দক্ষতার চেয়ে নিয়মিত সতর্ক অভ্যাস গড়ে তোলাই অনলাইন ঝুঁকি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

৫. প্রয়োজন অনুযায়ী ভিপিএন ব্যবহার করতে পারেন