জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং তার দীর্ঘদিনের আলাদা বসবাসকারী স্ত্রী পায়েল আবদুল্লাহর বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালতে জানানো হয় যে, উভয় পক্ষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের সব বিরোধ নিষ্পত্তি করেছেন। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাধের বেঞ্চে ওমর আবদুল্লাহর করা আপিলের শুনানিতে তার আইনজীবী জ্যেষ্ঠ অ্যাডভোকেট কপিল সিব্বল জানান, মধ্যস্থতার মাধ্যমে দম্পতির মধ্যকার সব জটিলতার সমাধান হয়েছে এবং তারা এখন নতুন করে স্বাধীনতাকে আলিঙ্গন করেছেন।
আদালতে কপিল সিব্বল আরও বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী উভয় পক্ষ যৌথভাবে এই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি আদালতকে অবহিত করেন যে, সব বিরোধ মিটে যাওয়ায় এখন বিবাহবিচ্ছেদের আদেশ দেয়া যেতে পারে এবং এর প্রেক্ষিতে বাকি সব আইনি মামলাও প্রত্যাহার করে নেয়া হবে। বেঞ্চ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে মামলার নিষ্পত্তি করে।
ওমর আবদুল্লাহ ও পায়েল আবদুল্লাহ ১৯৯৪ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের জাহির ও জামির নামে দুই ছেলে রয়েছে। তবে ২০০৯ সাল থেকেই তারা আলাদা বসবাস করছিলেন এবং ২০১১ সালে ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে দিল্লি হাইকোর্ট ওমর আবদুল্লাহর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছিল, যেখানে ২০১৬ সালের পারিবারিক আদালতের রায় বহাল রাখা হয়েছিল। সে সময় ওমর আবদুল্লাহ তার স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের অভিযোগ এনেছিলেন। তবে আদালত তখন জানায় যে, পায়েল আবদুল্লাহর বিরুদ্ধে আনা নিষ্ঠুরতার অভিযোগগুলো অস্পষ্ট এবং ওমর এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি যা আইনের দৃষ্টিতে শারীরিক বা মানসিক নিষ্ঠুরতা হিসেবে গণ্য হতে পারে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলো।

