জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে, তাই আগামী সপ্তাহের যেকোনো দিন রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত হতে পারে বলে তারা আশা করছেন।
এর আগে, গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চলতি বছরের ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল এই সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। তার আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছিলেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বর্তমানে সাত আসামিই পলাতক রয়েছেন। গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন।

