ওবায়দুল কাদেরসহ ৭ দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দণ্ডিত আসামিরা বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, যেহেতু তারা এখন দণ্ডপ্রাপ্ত, তাই তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার জন্য আইনি প্রক্রিয়া চালানো হবে। ট্রাইব্যুনাল এই সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি কিছু অভিযোগে আমৃত্যু কারাদণ্ডও দিয়েছেন। এছাড়া পাঁচ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, বাজেয়াপ্ত এই সম্পদ জুলাই ফাউন্ডেশন বা সংবিধিবদ্ধ কোনো সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে বণ্টন করা হবে।

আমিনুল ইসলাম জানান, এই মামলায় প্রত্যেক আসামির বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল এবং অধিকাংশ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। তিনি বলেন, 'এ রায়ে শুকরিয়া আদায় করছি। আমরা এ রায়ে সন্তুষ্ট।' প্রসিকিউটর আরও জানান, সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আসামিদের ব্যক্তিগত দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ১৯ জুলাই ১৪ দলীয় বৈঠকে ওবায়দুল কাদেরের 'শুট অ্যাট সাইট' নির্দেশের পরই নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

মোহাম্মদ আলী আরাফাতসহ পলাতক নেতাদের বিভিন্ন মন্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়া সম্পর্কে তারা অবগত ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিচার চললেও তারা তা মোকাবিলা করেননি। তিনি বলেন, 'এটি পরিষ্কার যে আসামিরা ইচ্ছাকৃতভাবে পলাতক। তারা অপরাধ করেছেন বলেই পলাতক রয়েছেন, তাই তাদের কোনো বক্তব্য আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।'

রায় কার্যকর প্রসঙ্গে তিনি আরও জানান, দণ্ড ঘোষণার পর ৩০ দিন পর্যন্ত আপিলের সময়সীমা থাকে। এই সময় পার হওয়ার পর বাংলাদেশ সরকার এ রায় বাস্তবায়নে কোনো আইনি বাধার মুখে পড়বে না।