তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। একই সময়ে প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশের ৫০৩টি উপজেলায় এই কর্মসূচির দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি শ্রেণিতে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খুলনা স্টেডিয়ামে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান। গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। শিশু-কিশোরদের উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী নিজেও মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে তাদের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। এবারের আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে ১০ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে খেলোয়াড়রা মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে সিলেটে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। দ্বিতীয় আসরে খুলনায় এ কর্মসূচিতে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

