দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। শনিবার (২৪ অক্টোবর) খুলনা পুলিশ লাইনে অনুষ্ঠিত একটি সভায় আইজিপি এ তথ্য জানান।
আইজিপি বলেন, সমাজে চাঁদাবাজিতে জড়িতরা সাধারণত প্রভাবশালী হয়ে থাকে। রাজনৈতিক বা অন্য কোনো ক্ষমতার দাপট ব্যবহার করায় সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা ভয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চান না, এমনকি সাক্ষ্য দিতেও ভয় পান। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, এই আইন কার্যকর হলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে আইনি পদক্ষেপ নিতে পারবে এবং যেকোনো ধরনের ডিজিটাল প্রমাণ পেলেই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন এই আইন বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।
পুলিশের কাজের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ যদি বলপ্রয়োগ করে তবে তাদের 'ফ্যাসিস্ট' বলা হয়, আবার বলপ্রয়োগ না করলে বলা হয় 'দুর্বল'। তিনি জানান, পুলিশ বাহিনী সমাজে শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে। বিগত ১৭ বছরে মাদককে সমাজে স্বীকৃত বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।
কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে আইজিপি বলেন, আগে এটি কেবল খাতা-কলমে সীমাবদ্ধ ছিল। এখন স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান সরকার এই কার্যক্রমকে অধিকতর গতিশীল করার উদ্যোগ নিয়েছে। আইনের কাঠামোর ভেতরে থেকে পুলিশের একটি কার্যকর শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
