কর না বাড়িয়ে নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা

নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ না করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বিশাল বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। পূর্ববর্তী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার বেড়েছে ৩৫৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ১৯০ টাকা। এটি সিটি কর্পোরেশনের ইতিহাসে একটি রেকর্ড বাজেট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত নাসিকের ২০তম সভায় এই বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি এত বড় বাজেট ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় আমরা এই রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি। আমি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রী এলাকার প্রাথমিক উন্নয়নের জন্য ১৪ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে কোনো উন্নয়ন কাজ থমকে থাকবে না, তাই এই বিপুল পরিমাণ বাজেট বাস্তবায়ন করতে আমাদের কোনো সমস্যা হবে না।

ঘোষিত বাজেটের বিস্তারিত বিশ্লেষণ করে জানানো হয়, নতুন অর্থবছরে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩২২ টাকা। নতুন বাজেটে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ ২০১ টাকা।

বাজেট উপস্থাপনের সময় প্রশাসক জানান, করের হার বৃদ্ধি না করে করের পরিধি বাড়ানো হবে। নতুন রাজস্ব উৎস চিহ্নিতকরণ, বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার এবং রাজস্ব আদায়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়িয়ে আয় বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ রক্ষায় যারা ছাদবাগান গড়ে তুলবেন, তারা বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত আরও ২ শতাংশ কর ছাড়ের সুবিধা পাবেন।

গত অর্থবছরে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও গণপরিসর উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকা ব্যয় না হওয়ায় নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন বলে উল্লেখ করেন প্রশাসক। এবার এই খাতে বরাদ্দ বাড়িয়ে ৮২ কোটি টাকা করা হয়েছে এবং পুরো অর্থ ব্যয় করে উন্নয়ন কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সাখাওয়াত হোসেন খান জানান, সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিলসহ মোট ৫৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২৭টি ওয়ার্ডে আরসিসি ড্রেন, আরসিসি ও বিটুমিনাস সড়ক নির্মাণ ও সংস্কার, আইল্যান্ড পুনর্নির্মাণ, পুকুর সৌন্দর্যবর্ধন, ঘাটলা নির্মাণ এবং পানির পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এ জন্য ৮০টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে, যেগুলোর বাস্তবায়ন বর্তমানে চলমান।

নগরীর যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত একটি বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ মহিলা কলেজের গেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিবি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাপানি সাহায্য সংস্থা জাইকার সহায়তাপুষ্ট 'আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট'-এর আওতায় নাসিকে ১০টি উপ-প্রকল্প বাস্তবায়িত হবে। এর অধীনে ড্রেন, কমিউনিটি সেন্টার, স্যানিটারি ল্যান্ডফিল, খেলার মাঠ ও গণপরিসরের উন্নয়ন করা হবে। এছাড়া অন্যান্য বৈদেশিক সহায়তায় ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন, ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন, ১৪টি ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া (ডিএমএ), ৩৫ হাজার হোল্ডিংয়ে স্মার্ট মিটারসহ পানি সংযোগ এবং ৩৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পানির সংকট দূর করতে ৩০টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৯টির কাজ চলছে এবং ২১টির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৫৪টি পাম্প স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে জালকুড়িতে প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হচ্ছে এবং কদমরসুল এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭০ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এছাড়া পরিচ্ছন্ন নগরী গড়তে ৩৫ হাজার আবাসিক ভবনে পৃথক বর্জ্য সংরক্ষণের বিন দেওয়া হবে।

নাসিকের ৫ বছর মেয়াদি মহাপরিকল্পনায় কার্বনমুক্ত পরিবেশবান্ধব নগরী গড়তে নতুন বাস-ট্রাক টার্মিনাল, মাল্টিমোডাল হাব, ড্রেনেজ মাস্টারপ্ল্যান, নাগরিক সেবার শতভাগ অটোমেশন, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, 'কলরব' ও 'অপরাজিতা' স্কুলের নির্মাণ এবং পার্ক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে দেওভোগ জিউস পুকুর ও ৬ দশমিক ৬৬ কিলোমিটার খাল পুনরুদ্ধার, পরিচ্ছন্নকর্মীদের আবাসন নির্মাণ, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ৩০টি 'স্ট্রিট মেমোরি স্ট্যাম্প' স্থাপন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদান, টিসিবির স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি এবং ফ্যামিলি কার্ড বিতরণের জন্য জরিপ কার্যক্রম চলমান রয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েলসহ স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা।

পাশাপাশি বিবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার অপসারণ ও পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।জাইকা সহায়তাপুষ্ট Urban Development and City Governance Project-এর আওতায় নাসিকে ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে।