রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। মুকুল কালু মিয়ার ছেলে এবং শাকিব লোকমান বসুনিয়ার ছেলে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষ করে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। একই এলাকার আরও চারজন যাত্রী ওই বাসে ছিলেন। পথিমধ্যে বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে বাসের স্টাফরা আতিক নামের একজনকে আটকে রেখে বাকিদের নামিয়ে দেয়। আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব পুনরায় বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের নতুন করে তর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাসের স্টাফরা চলন্ত অবস্থায় মুকুল ও শাকিবকে লাথি মেরে বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয় এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে মাইক্রোবাসের যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি এবং স্থানীয়রা নিশ্চিত করেছেন যে তাদের বাস থেকে ফেলে দেয়া হয়েছে। ইউএনও মোনাব্বর হোসেন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন।