রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ মোট পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এছাড়া মোহাম্মদপুরের বসিলা র্যাব-২ কার্যালয় এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরবর্তীতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।
এসব ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্যামলী এলাকা থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় বিস্ফোরণের ঘটনার পর তাকে আটক করা হয়।
এদিকে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় লকডাউন ঘোষণা করে ফেসবুকে লাইভে এসেছেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্যসচিব তারিকুজ্জামান রাজিব। উল্লেখ্য, তারিকুজ্জামান রাজিবের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

