দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অর্থাৎ ১৬৭ ভোটের ব্যবধানে অলি আহমদকে পরাজিত করে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।
নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন সদস্য ভোট দেননি। তাদের মধ্যে পাঁচজন জাতীয় সংসদে অনুপস্থিত ছিলেন। তারা হলেন ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

