মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া এবং দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও শান্তি কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

এদিকে পৃথক অভিনন্দন বার্তার মাধ্যমে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তাসমূহে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন, যারা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।