ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা। সোমবার মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা এসময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম ডাক বিভাগকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ডাকসেবাকে আরও বেশি গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই বিভাগের সেবার মানোন্নয়ন ও সামগ্রিক উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মান বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে তারা সক্রিয়ভাবে কাজ করবেন। তারা ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

