আওয়ামী দোসরদের ধরিয়ে দিলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানোর কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা এই ফ্যাসিবাদী শক্তির দোসরদের গ্রেফতার করতে সক্ষম হবেন, তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। গত সপ্তাহে দুজন এবং গতকাল আরও একজন এমন ব্যক্তি গ্রেফতার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গোয়েন্দা সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতদিন তারা এখানেই লুকিয়ে ছিল। তিনি পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে সর্বশ্রেষ্ঠ হিসেবে অভিহিত করে বলেন, অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স সাপোর্টকে আরও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দিচ্ছি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘের হিসাব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র এক মাসে এ দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিককে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর চিত্র তুলে ধরে তিনি বলেন, যারা আসমান থেকে গুলি করে নাগরিক হত্যা করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে গণতন্ত্রহীন করে তুলেছিল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা এই বর্বরতার পরেও দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি, তারা দেশের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে মন্ত্রী জানান, এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।