বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। ঠিক তেমনি কোনো দুর্নীতিবাজ ব্যক্তিও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার যোগ্যতা রাখে না। তিনি মন্তব্য করেন যে, যার মধ্যে দেশপ্রেমের চেতনা রয়েছে, তিনি কখনোই দুর্নীতি, সন্ত্রাস, অপকর্ম বা দেশের স্বার্থবিরোধী কোনো কাজে লিপ্ত হতে পারেন না। রোববার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের যে দিকনির্দেশনা দিয়েছেন, তা অনুসরণের ওপর তিনি জোর দেন। বর্তমান সময়কে দেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব এই প্রজন্মের। তাদের মেধা ও পরিশ্রমই দেশকে বিশ্বের নেতৃত্বে নিয়ে যাবে। তিনি মাদক, সন্ত্রাস ও সকল নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি সহপাঠীদেরও সচেতন করার পরামর্শ দেন। সরকার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
নিজের বাবার স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তার বাবা মানিকগঞ্জের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে আজীবন সহযোগিতা করেছেন এবং তিনিও একইভাবে শিক্ষার্থীদের পাশে থাকবেন। সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

