দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫ জন শিশু। বুধবার (১২ আগস্ট) বিকেলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনসহ মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট ৮৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১ জন। এই সময়ের মধ্যে ৮৭৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত মোট এক লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

