নির্ধারিত দামে এলপিজি না পেলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

সরকার নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পাওয়া না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এ বিষয়ে গণমাধ্যম জনস্বার্থে তথ্য তুলে ধরলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যে অস্থিরতা বিরাজ করলেও সরকার দেশে এলপিজির দাম সমন্বয়ের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তবে দেশের কিছু কিছু এলাকায় এই সমন্বিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে একটি অনলাইন সভা করে এ বিষয়ে মাঠ পর্যায়ে কড়া নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে নিয়ম অমান্যকারীদের জরিমানা করা হয়েছিল, যা এখন আরও জোরদার করা হয়েছে।

এলপিজির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, জ্বালানিমন্ত্রী ইতিমধ্যে এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকার আশা করছে, এই যৌথ উদ্যোগের ফলে এলপিজি নিয়ে বাজারে চলমান সংকট দ্রুত কেটে যাবে।

উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, সরকার মূলত এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে চায় যেখানে এলপিজি আমদানিকারক ও বোতলজাতকারী ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পান, যাতে বাজারে কোনো সরবরাহ ঘাটতি তৈরি না হয় এবং দামও স্থিতিশীল থাকে। একই সঙ্গে যারা আইন অমান্য করে অতিরিক্ত দাম নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি একটি সমন্বিত পদক্ষেপ, যা কেবল ভোক্তা অধিকার অধিদপ্তরের একার কাজের ওপর নির্ভরশীল নয়। এলপিজির পাশাপাশি খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও আইনগত পদক্ষেপ ও বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে তিনি জানান।