ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে দেশটির পুলিশ ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এসব অভিযোগের পক্ষে বাস্তবসম্মত বা আইনগত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়োমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো ভিত্তি তাদের হাতে নেই। এর আগে লিকুদ পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, আরব রাজনৈতিক দলগুলো সুসংগঠিত ঘুষ লেনদেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন ‘চুরি’ করেছে। দলটির দাবি ছিল, তাদের কাছে এ সংক্রান্ত শত শত প্রমাণ ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে, যা তারা পুলিশ, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।
তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে এসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই অভিযোগগুলো সামনে আসে। এবারের নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে, যা তাদের উল্লেখযোগ্য উত্থান হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের কোটা কোনো পক্ষই পূরণ করতে পারেনি। এই রাজনৈতিক অচলাবস্থার মাঝেই লিকুদ পার্টি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিল।

