পিরোজপুরে এলজিইডির সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট: আইনমন্ত্রী

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে কোনো ধরনের কাজ ছাড়াই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, পিরোজপুরে এলজিইডির সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে কোনো কাজই হয়নি। এক কেজি রড কিংবা ১০০ টাকার সিমেন্ট ব্যবহার না করেই পুরো অর্থ লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম টাইম-এর প্রতিবেদনের সূত্র উল্লেখ করে আইনমন্ত্রী জানান, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়েই ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। সেই হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, লুট করা এসব অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ কেনা ও ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে, যার সুফল দেশের মানুষ পায়নি। এ ধরনের অসংখ্য প্রকল্পের অর্থ বেগমপাড়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে, যার প্রকৃত হিসাব এখনো জানা যায়নি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, অতীতের লুটপাট ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিচার বিভাগ, আইনজীবী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।