কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মাজারের ভেতরে প্রবেশের পথে পানির ট্যাংকের পাশ থেকে বোমাটি পাওয়া যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোমাটি উদ্ধারের পর সকাল ৮টার দিকে তা নিষ্ক্রিয় করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন যে, একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করেছে।
বর্তমানে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে সাধুসঙ্গ ও তিন দিনব্যাপী গ্রামীণমেলা চলছে। রোববার দুপুরে পুণ্যসেবার মাধ্যমে সাধুসঙ্গ শেষ হওয়ার কথা রয়েছে।

